নিজস্ব প্রতিবেদক:
ঢাকাগ্রাফ: ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সজিব হোসেন (৩০)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মে ২০২৬ তারিখ সন্ধ্যায় মোহাম্মদপুর থানাধীন হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮,৯০০ টাকা মূল্যের জাল নোট, একটি ল্যাপটপ ও জাল টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়।
র্যাব-৪ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সজিব হোসেন মোহাম্মদপুরের একটি বাসায় জাল টাকা তৈরি ও সরবরাহের কাজ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জাল নোট তৈরির পিডিএফ ফাইল সংগ্রহ করতেন এবং তা ব্যবহার করে নোট প্রিন্ট করতেন।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তি আরও জানান, আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে বাজারে নগদ লেনদেন বাড়ার সুযোগ কাজে লাগিয়ে তিনি বেশি পরিমাণে জাল টাকা সরবরাহের পরিকল্পনা করেছিলেন। তিনি চট্টগ্রাম, সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় জাল নোট সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব আরও জানায়, গ্রেফতার সজিবের বিরুদ্ধে এর আগেও জাল নোট তৈরির অভিযোগে ২০২৪ সালে মোহাম্মদপুর এলাকায় র্যাব-২ এর হাতে গ্রেফতারের ঘটনা ছিল।
এ বিষয়ে র্যাব-৪ এক বিজ্ঞপ্তিতে জানায়, সংঘবদ্ধ জাল নোট তৈরি ও বাজারজাতকরণ চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে অভিযান জোরদার থাকবে।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

