অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। ২ বছর ৮ মাস, অর্থাৎ ৯৮১ দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরেছেন নেইমার। ২০২৩ সালের ১৭ অক্টোবরের পর ব্রাজিলের আর খেলা হয়নি সান্তোস তারকার। চোট, পুনর্বাসন আর অনিশ্চয়তার দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আবার ফুটবল মাঠে দেখা মিলল ব্রাজিলিয়ান ফুটবলের এই সুপারস্টারকে।
এদিন গোটা দুনিয়ার ভক্ত-সমর্থকেরা চাতক পাখির মতো তাকিয়ে ছিলেন। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ম্যাচের ৭৬ মিনিটে কুনহার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরের পর চোটের দীর্ঘ লড়াই পেরিয়ে প্রায় আড়াই বছর পর প্রথমবার ব্রাজিলের জার্সিতে মাঠে পা রাখলেন এই মহাতারকা। যদিও তেমন কিছু করার সুযোগ হয়নি।
ম্যাচ শেষ হতেই উচ্ছ্বাসে মেতে ওঠে ব্রাজিল। ‘সি’ ৭ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে পা রেখেছে সেলেসাওরা। এদিন ভিনিসিয়াস জুনিয়রের অতিমানবীয় পারফর্ম্যান্স আর ৩২ মাস পর জাতীয় দলের জার্সিতে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন—দুইয়ে মিলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখল সেলেসাওরা। ৬৪ হাজারেরও বেশি দর্শকের সামনে ব্রাজিল যেন আজ কেবল ম্যাচ জেতেনি, ফিরে পেয়েছে তাদের চেনা ছন্দ আর হারিয়ে যাওয়া জাদুও।

