ভিকারুননিসায় সিআইডির সাইবার সচেতনতা কর্মসূচি, শিক্ষার্থীদের নিরাপদ ডিজিটাল আচরণের আহ্বান

0
7

ঢাকাগ্রাফ :
ঢাকা, ১১ জুন: প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে তরুণ প্রজন্মকে সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করে তুলতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সাইবার সচেতনতা কর্মসূচি আয়োজন করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) এবং বিকাশ লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত “Cyber Awareness Enhancement Program”-এ অংশ নেয় প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণির প্রায় ৬০০ শিক্ষার্থী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইবার পুলিশ সেন্টার (সিপিসি), সিআইডির ডিআইজি সানা শামিনুর রহমান। তিনি বলেন, বর্তমান প্রজন্ম একই সঙ্গে বাস্তব ও ডিজিটাল দুই জগতেই বসবাস করছে। প্রযুক্তির বিস্তার যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, তেমনি তৈরি করেছে নতুন ধরনের ঝুঁকি ও অপরাধের ক্ষেত্র। তাই প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতা গড়ে তোলা সময়ের অন্যতম বড় প্রয়োজন।

তিনি শিক্ষার্থীদের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, ওটিপি ও পিন নম্বর গোপন রাখা, অপরিচিত লিংকে ক্লিক না করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রকাশে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, সাইবার অপরাধীরা মানুষের অসতর্কতাকেই সবচেয়ে বেশি কাজে লাগায়। ফলে সচেতনতাই সাইবার অপরাধ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) এবং বিকাশ লিমিটেডের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা। তিনি বলেন, শিক্ষা, যোগাযোগ, বিনোদন ও দৈনন্দিন জীবনের বড় অংশ এখন ডিজিটাল প্ল্যাটফর্মকেন্দ্রিক। ফলে সাইবার নিরাপত্তা আর শুধু প্রযুক্তিবিদদের বিষয় নয়; এটি প্রতিটি শিক্ষার্থী, অভিভাবক ও নাগরিকের জন্য অপরিহার্য জীবনদক্ষতা। একটি ভুল ক্লিক, একটি ওটিপি শেয়ার কিংবা যাচাইবিহীন তথ্য প্রচার বড় ধরনের আর্থিক ও সামাজিক ক্ষতির কারণ হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

বক্তারা অনলাইন বুলিং, সাইবার হয়রানি, পরিচয় চুরি, ফিশিং, ভুয়া অফার এবং অনলাইন প্রতারণা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

বিশেষ পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই প্রযুক্তি সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার দায়িত্ব তাদের নিতে হবে।

অন্যদিকে বিকাশের ইভিপি এ কে এম মনিরুল করিম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সম্পর্কিত বিভিন্ন প্রতারণার কৌশল তুলে ধরে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, সচেতনতা বৃদ্ধির ফলে এখন প্রতারকদের পক্ষে আগের মতো সহজে মানুষকে প্রতারণা করা সম্ভব হচ্ছে না।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সাইবার পুলিশ সেন্টারের কর্মকর্তাবৃন্দ এবং বিকাশ লিমিটেডের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দ্রুত ডিজিটালায়নের এই সময়ে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই নিরাপদ ডিজিটাল নাগরিক তৈরির অন্যতম পূর্বশর্ত।

“Think Twice Before You Click; Cyber Knowledge is Your Best Firewall”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিটি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীল ও নিরাপদ ডিজিটাল আচরণ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here