সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি ও ক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনকে অর্থদণ্ড এবং ২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১১টায় দিরাই বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ১৬০ পিস নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান চলাকালে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে বিক্রেতা দীপক দাস (৫০) ও বিপ্লব শর্মা (৪৫) এবং নিষিদ্ধ জাল ক্রয়ের অপরাধে আবু বক্কর (৪৫)-কে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃতদের অপরাধের ধরন বিবেচনায় দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে বিক্রেতা দীপক দাস ও বিপ্লব শর্মাকে ২ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, আইন লঙ্ঘন করে নিষিদ্ধ জাল ক্রয়ের দায়ে আবু বক্করকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক সৌরভ বলেন, “নিষিদ্ধ কারেন্ট জাল দেশীয় মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বাজার নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের এ ধরনের জনস্বার্থমূলক ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও জানান, দেশের জলজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে জনসচেতনতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
সুনামগঞ্জের দিরাইয়ে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে ৩ জনকে জরিমানা, ২ জনের কারাদণ্ড
Date:


