মরক্কোর বিপক্ষে শুরুতেই বিপাকে পড়েছিল ব্রাজিল। ম্যাচের ২১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে সেলেসাওরা। তবে ভিনিসিয়ূস জুনিয়রের দুর্দান্ত গোলে ১-১ সমতায় থেকে ম্যাচ শেষ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে এই ড্রয়ের মধ্যেও একটি ঐতিহাসিক রেকর্ড অক্ষুণ্ন রেখেছে ব্রাজিল। বিশ্বকাপের প্রথম ম্যাচে হার না মানার যে ধারাবাহিকতা সেলেসাওরা ধরে রেখেছে, তা এখন ৯২ বছরে গিয়ে দাঁড়িয়েছে।
বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিল প্রথম ম্যাচে হেরেছিল কেবল প্রথম দুই আসরে। ১৯৩০ সালে যুগোস্লাভিয়ার কাছে ২-১ গোলে এবং ১৯৩৪ সালে স্পেনের কাছে ৩-১ গোলে হারের তেঁতো স্বাদ পায় তারা। এরপর ১৯৩৮ বিশ্বকাপ থেকে শুরু করে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নিজেদের উদ্বোধনী ম্যাচে আর কোনো হার দেখেনি ব্রাজিল।
এই দীর্ঘ সময়ে ব্রাজিলের বিশ্বকাপের ২২ টি প্রথম ম্যাচে তাদের জয় ১৭ টি। তিনটি ড্র ও দুটি হার। সর্বশেষ মরক্কোর বিপক্ষে ড্র করলেও হারের তেঁতো স্বাদ পেতে হয়নি কার্লো আনচেলত্তির শিষ্যদের।
হার এড়িয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অপরাজিত থাকার ব্রাজিলের রেকর্ড এখন টানা ৯২ বছরের। ১৯৩৪ সালের পর কেটে গেছে প্রায় এক শতাব্দী, কিন্তু বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলকে হারানোর কীর্তি আর কোনো দল গড়তে পারেনি।
