দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়েছিল আয়ারল্যান্ড। এতে সিরিজ জয়ের সুযোগ তৈরি হয় আইরিশদের সামনে। এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ১ রানে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে আয়ারল্যান্ড। সেইসঙ্গে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেলো আইরিশরা।
বেলফাস্টে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিং পাঠান ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে আইরিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ বলে ৫৩ রান করেন হ্যারি টেক্টর। পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি।
এছাড়া বেন কালিটজ ২৩ বলে ৩৭ ও জর্জ ডকরেল ১৪ বলে ১৯ রান করেন। ভারতের পক্ষে প্রিন্স যাদব তিনটি এবং আর্শদীপ সিং ও শিভম দুবে দুটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টি বাঁধার মুখে পড়ে ভারত। যদিও তাতে ওভার কমেনি। তার আগে দুই ওপেনারই গোল্ডেন ডাকের শিকার হন। স্যাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা দুজনকেই শিকার করেন ভারতে জন্ম নিয়ে আইরিশদের নাগরিকত্ব নেওয়া জাই মুন্দ্রা।
এরপর ঈশান কিষাণ ১২, অধিনায়ক আইয়ার ১০ ও অক্ষর প্যাটেল ১৪ রান করে বিদায় নিলে দলের হাল ধরার চেষ্টা করেন তিলক ভার্মা। তবে আইরিশ বোলাররা চাপে রাখেন তাকেও।
তিলক একা আর শেষ পর্যন্ত পেরে ওঠেননি। ৪৬ বলে ৫৫ রান করে তিনি বিদায় নিলে যেন শেষ আশাও হারিয়ে ফেলে ভারত। শেষ পর্যন্ত ১ রানে হারের তেঁতো স্বাদ পায় ভারত।

