পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছার চাঁদখালীতে হাসান কিং (৩৫) নামে এক যুবক গণপিটুনিতে নিহতের
ঘটনা কে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের
ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। ১৪ জুন রোববার মিলন ইসলাম ও পারভীন বেগম
বাদি হয়ে নিহতের পরিবারের লোকজন সহ অন্যান্যদের আসামি করে পৃথক এ মামলা দু’টি
করেন। এদিকে হাসান হত্যা মামলায় সোমবার (১৫ জুন) রিমান্ড শুনানির জন্য মিন্টুকে
পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিজ্ঞ
আদালতের বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ৭ জুন সন্ধ্যার দিকে উপজেলার চাঁদখালী পশুর হাট এলাকায় গণপিটুনিতে
তার মৃত্যু হয়। নিহতের এ ঘটনা কে কেন্দ্র করে ৭ জুন রাতে এবং ৮ জুন ভোরে নিহতের
পরিবারের লোকজন হাট ইজারাদার নাজমুল হুদা মিন্টু ও তার ভাই মিলন ইসলাম মিথুন এর
চাঁদখালী বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ও কালিদাসপুর গ্রামের আব্দুল কুদ্দুস মোড়ল এবং তার ভাই
ইমরান হোসেনের বসতবাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করে বলে
ক্ষতিগ্রস্থরা অভিযোগ করেন। হাসান নিহতের ঘটনায় তার পিতা মালেক সরদার বাদী হয়ে
ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা নামজুল হুদা মিন্টু সহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০
জনকে আসামি করে থানায় হত্যা মামলা করে। যার নং -০৯। এ মামলায় ৯ জুন গ্রেফতার করা হয়
সাবেক ছাত্রনেতা নামজুল হুদা মিন্টু কে।
এদিকে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায়
থানায় পৃথক দুটি মামলা হয়েছে। ১৪ জুন রোববার নাজমুল হুদা মিন্টুর ভাই হ্যাচারি
ব্যবসায়ী মিলন ইসলাম মিথুন ও আব্দুল কুদ্দুস মোড়লের স্ত্রী পারভীন বেগম বাদি হয়ে দুটি
মামলা করেছেন। যার নং ১৫ ও ১৬। নিহত হাসানের পরিবারের লোকজন সহ ২২ জনের নাম উল্লেখ
এবং অজ্ঞাত ৪০/৪৫ জন কে আসামি করা হয়েছে দুটি মামলায়।
অন্যদিকে হাসান হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য গ্রেফতারকৃত সাবেক ছাত্রনেতা
নামজুল হুদা মিন্টু কে সোমবার দুপুরে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক মিন্টুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন
বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া। ব্যবসা প্রতিষ্ঠান ও
বসতবাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে
ও জানিয়েছেন থানা পুলিশের দায়িত্বশীল এ কর্মকর্তা।

