রামু ( কক্সবাজার ) প্রতিনিধিঃ
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে এক ব্যক্তির রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ছৈয়দ হোছন (নাম অনুযায়ী) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের টুংগাঢেবা কালারপাড়া গ্রামের মৃত মোজাফফরের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল থেকে ছৈয়দ হোছনের লাশ উদ্ধার করে রামু থানায় নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আনোয়ারা বেগম ও সন্তানদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের ছোট ভাই এনামুল হক দাবি করেন, তার ভাবী আনোয়ারা বেগমের পরকীয়ার জেরে তার ভাইকে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে এলাকাবাসী।
রামুর খুনিয়াপালংয়ে লাশ উদ্ধার: স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
Date:


