বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ফেসবুকে সাকিবের শ্রদ্ধাঞ্জলি

0
10

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।১৫ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক বিশেষ পোস্টের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করেন সাকিব।সেখানে লেখা ছিল— “মহাকালের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল প্রয়াত সদস্যের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা।”

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।সে রাতে বঙ্গবন্ধুর সঙ্গে তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব;তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল;এবং দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামালকে হত্যা করা হয়।

একই সঙ্গে ঘাতকদের হাতে প্রাণ হারান বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিলউদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হক।

সেদিন একই তাণ্ডব চালানো হয় বঙ্গবন্ধুর ভাগনে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসভবনেও। সেখানে নিহত হন তিনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি। এছাড়া ঘাতকেরা হত্যা করে বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার মেয়ে বেবি, ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং আত্মীয় আবদুল নঈম খানকেও।

ওই সময় বিদেশে অবস্থান করায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান শেখ মুজিবুর রহমানের দুই কন্যা—শেখ হাসিনা ও শেখ রেহানা।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় প্রতি বছর ১৫ আগস্টকে ‘জাতীয় শোক দিবস’ হিসেবে পালন করা হতো এবং এদিন সরকারি ছুটি থাকত। তবে ২০২৪ সালের গণআন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করে, যা এখনও বহাল রয়েছে।

E_01

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here