পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে উপজেলায় বিশেষ অভিযানে ইতালির তৈরি একটি Pietro Beretta 7.65 বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) দুপুরে পিরোজপুর সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। পুলিশ জানায়, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার, এসআই রাধা রমন ভৌমিক, এসআই কামরুল, কনস্টেবল জসিমসহ একটি চৌকস দল অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান ও সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযানের শুরুতে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭) ও মো. আল-আমিন শেখ (২৬)-কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা পুলিশকে জানান, ৩০ হাজার টাকায় একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রি করেছে তারা।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৬টার দিকে সদর উপজেলার টোনা ইউনিয়নের তেতুলতলা এলাকায় আলী হোসেন (৪০)-এর বাড়িতে অভিযান চালায় পুলিশ। তল্লাশিতে ইতালির তৈরি একটি Pietro Beretta 7.65 পিস্তল ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় আলী হোসেনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় স্থানীয় গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। পিরোজপুর সদর থানা পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে The Arms Act, 1878-এর ১৯(এ) ও ১৯(এফ) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি ইতালিতে তৈরি Pietro Beretta 7.65 পিস্তল, যা অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছিল। অপরাধ দমনে পিরোজপুর জেলা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পিরোজপুরে বিদেশী পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজন গ্রেপ্তার
Date:


