জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বাজেট : প্রতিমন্ত্রী

0
2

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রতিমন্ত্রী বলেন, সংবিধানের মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় মূলনীতিকে মাথায় রেখেই জনগণের ভাগ্য উন্নয়নে এবারের বাজেট পেশ করা হয়েছে।

ফারজানা শারমীন বলেন, বর্তমান অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট দেশের সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে। তবে এই বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর কার্যকর বাস্তবায়ন, আর সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত।

তিনি আরও বলেন, সরকার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ থেকে ২০ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়া হয়েছে। ফলে সেই ক্ষতি রাতারাতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। তবে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করা সম্ভব। ইতোমধ্যে পরিবর্তনের ইতিবাচক ধারা শুরু হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয়কে আরও কার্যকর ও গতিশীল করতে দিনরাত কাজ চলছে। দলের অন্যতম অগ্রাধিকার প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’-এর পাইলট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি কৃষক কার্ড, যুবকদের কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন উদ্যোগ এবারের বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া যায়।

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ আন্দোলনের মধ্য দিয়ে দেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। প্রস্তাবিত বাজেট আত্মসম্মান, আত্মনির্ভরশীলতা ও আত্মমর্যাদাবোধকে গুরুত্ব দিয়েছে।

তিনি রাজনৈতিক বিভেদ ও পরস্পরের বিরুদ্ধে দোষারোপ পরিহার করে একটি সবুজ, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

তিনি বলেন, শুধু রাস্তাঘাট নয়, আমাদের মন-মানসিকতাকেও পরিচ্ছন্ন করতে হবে।

নিজের নির্বাচনী এলাকা নাটোরের বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের চরাঞ্চলগুলোর সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। বালুমহালকে কেন্দ্র করে সক্রিয় সিন্ডিকেট চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি চরাঞ্চলে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রকল্প, বিশেষ করে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হলে একদিকে যেমন ওই এলাকার অর্থনৈতিক সম্ভাবনা বাড়বে, অন্যদিকে অপরাধমূলক কর্মকাণ্ডও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here