ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার,সন্ত্রাসবিরোধী আইনে মামলা

0
6

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :-
সাতক্ষীরার আশাশুনিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগে কুল্যা ইউপি চেয়ারম্যানসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ জুন) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেকে গ্রেফতার করেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামে আমানউল্লাহ সরদারের নির্মাণাধীন ভবনের ছাদ ও নিচতলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা সরকার বিরোধী নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ রাত পৌনে ১ টায় ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। এসময় ভবনের ছাদ থেকে কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ, আছাফুর রহমান, ইকরামুল ঢালী, জিয়াউর রহমান (৪০), আজিজুল ইসলাম ও রাশিদুল ইসলামকে আটক করা হয়। ভবনের নিচে অবস্থানরত আরও ১০ জন এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জন দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তারা সেখানে সমবেত হয়েছিল বলে স্বীকার করেছে বলে এজাহারে দাবি করা হয়েছে।
এ ঘটনায় মোস্তাক আহম্মেদ বাদী হয়ে থানায় ১৬ জনের নাম করে অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-২২, তারিখ ২১/০৬/২৬। ধারা সন্ত্রাস বিরোধী আইন-২০০৯-এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩।
ওসি শামীম আহমদ খান জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্ধ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here