ঢাকা গ্রাফ: সার্চ ইঞ্জিন গুগলের ইউটিউবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে বিজ্ঞাপন একেবারেই দেখায় না। সেক্ষেত্রে মাসে মাসে বা বছরে একটা টাকা পেমেন্ট করতে হয় ইউটিউবকে। তবে এবার ইউটিউবের পক্ষ থেকে একটি নতুন সাবস্ক্রিপশন টায়ার পরীক্ষা করা চলছে, যেখানে অনেক কম খরচে বিজ্ঞাপন ছাড়াই ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। সাধারণ প্রিমিয়াম সাবস্ক্রিপশনের থেকে এই নতুন প্রিমিয়াম লাইট প্ল্যানে অনেক কম খরচ হবে।
এর আগের বছরে বেশ কিছু দেশে প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন প্ল্যানটির পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। এখন ইউটিউব তার এই প্রকল্প ক্রমে ক্রমে অস্ট্রেলিয়া, জার্মানি, থাইল্যান্ড ইত্যাদি দেশে ছড়িয়ে দিচ্ছে। অ্যানড্রয়েড অথরিটি এমনই রিপোর্ট দিয়েছে। এই প্রিমিয়াম লাইটে তুলনায় সস্তায় মিলবে সাবস্ক্রিপশন। স্ট্যান্ডার্ড ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনে বেশ কিছু অফার ও বেনিফিট থাকে যার মধ্যে বিজ্ঞাপন ছাড়া স্ট্রিমিং, ব্যাকগ্রাউন্ড প্লে-ব্যাক, ইউটিউব মিউজিকের অ্যাক্সেস ইত্যাদি পাওয়া যায়, সেখানে প্রিমিয়াম লাইট মডেলে কেবলমাত্র বিজ্ঞাপন সরানোর দিকেই নজর দেওয়া হয়েছে।


