শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়েই শুরু করেছিল বাংলাদেশের নারী ক্রিকেট দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে পারল না নিগার সুলতানা জ্যোতি দল। লঙ্কান মেয়েদের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলার মেয়েরা। এর ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আগামী শনিবার মুখোমুখি হবে দুদল।
টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে খুব বেশি দূর এগোতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ৪৫.৫ ওভারে অলআউট মাত্র ১৬৫ রানে। জবাবে ৭০ বল ও ৪ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে অধিনায়ক নিগার ছাড়া কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। ১০১ বলে সর্বোচ্চ ৫৮ রান এসেছে তার ব্যাট থেকে।
শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে ১০.২ ওভারের মধ্যে ৪৬ রানে ২ উইকেট হারালেও আস্কিং রেট বাড়তে দেয়নি। চতুর্থ উইকেটে হর্ষিতা সামারাবিক্রমা ও হানসিমা করুনারত্নের ৭৭ রানের জুটি তাদের জয়ের ভিত গড়ে দেয়। ফিফটি (৫০) তুলে নেওয়া সামারাবিক্রমা তৃতীয় উইকেটে আতাপাত্তুর সঙ্গেও ৩৩ রানের জুটি গড়েন। ৪০ রান করেন আতাপাত্তু ও করুনারত্নে।
২১ রানে ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার নাহিদা। এর ৩টিই নাহিদা নিয়েছেন ৭ বলের মধ্যে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ১৬৫ (নিগার ৫৮, শারমিন ২৫, নাহিদা ২০, রিতু ১৭, স্বর্ণা ১৬, রাবেয়া ১৫; আতাপাত্তু ৩/৩৬, রানাবীরা ২/২৮, নিমাশা ২/২৯, মাদারা ২/৩০)।
শ্রীলঙ্কা: ৩৮.২ ওভারে ১৬৬/৬ (সামারাবিক্রমা ৫০, আতাপাত্তু ৪০, করুনারত্নে ৪০; নাহিদা ৪/২১, রিতু ১/২৭, সুলতানা ১/৩৬)।
ফল: শ্রীলঙ্কা ৪ উইকেটে জয়ী।
শ্রীলঙ্কার দারুণ এই জয়ের সুবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। সিরিজের তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২৫ এপ্রিল, রাজশাহীতেই।


