ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছাড়লো শ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক

0
5

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ১১ টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনচালকেরা।

বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বেতন-ভাতা বাড়াতে হবে। এ দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে তারা মহাসড়কে অবস্থান নেন।

খবর পেয়ে পুলিশ, শিল্প পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে মৌচাক ও আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। এতে ওই এলাকার শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ব্যাহত হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here