পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

0
6

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

বুধবার (১১ নভেম্বর) জেলার দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার পথে পুলিশের একটি দল বন্দুকধারীদের হামলার শিকার হয়। খবর আনাদোলু এজেন্সির।

কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান জেব স্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনকে জানান, অবৈধ স্বর্ণ উত্তোলন বন্ধে অভিযান চালানোর উদ্দেশ্যে পুলিশের দলটি যাচ্ছিল। এ সময় বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনাটি কোহাট ও কারাক জেলার মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় ঘটে। এ সময় পুলিশের পাঁচটি গাড়িতেও আগুন দেওয়া হয় বলে জানান নওমান জেব।

সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে।

বিশ্বব্যাপী সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা প্রতিবছরই বেড়েছে।

সংস্থাটির তথ্যে দেখা যায়, ২০২২ সালে দেশটিতে ৬৫৮টি হামলার ঘটনা ঘটেছিল। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪২৫টিতে, যা চার গুণের কাছাকাছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here