প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশ ন্যাপের আহ্বান

0
5

জাতীয় স্বার্থে মওলানা ভাসানীকে রাষ্ট্রীয় মর্যাদা দিন

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় মর্যাদায় পালনের উদ্যোগ গ্রহণ এবং ১৭ নভেম্বরকে ‘জাতীয় দিবস’ ঘোষণার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।

আগামী ১৭ নভেম্বর মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মওলানা ভাসানীই স্বায়ত্তশাসনের দাবি থেকে স্বাধীনতার স্বপ্নের বীজ বপন করেছিলেন জনগণের মনে। ভাসানী, স্বাধীন বাংলাদেশ ও বাঙালি চেতনা এক ও অভিন্ন নাম। রাষ্ট্রের সব অর্জনের কৃতিত্ব কোনো এক ব্যক্তি বা দলের নয়। কিন্তু সুবিধাভোগী তথাকথিত বুদ্ধিজীবীরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য সব সময় ক্ষমতাসীনদের একক কৃতিত্ব দেওয়ার অপচেষ্টায় লিপ্ত থাকেন। এর ফলে বারবার ইতিহাস বিকৃত হয়। বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ও মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মজলুম জননেতা ভাসানীকে বাদ দিয়ে দেশের প্রকৃত ইতিহাস রচনা সম্ভব নয়।

তারা আরও বলেন, মওলানা ভাসানী জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দেশ, মাটি ও মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। শোষণহীন, অসাম্প্রদায়িক ও সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জীবনের সর্বস্ব ত্যাগ করেছেন। মানবমুক্তির আদর্শ থেকে তিনি কখনো বিচ্যুত হননি। জীবনের প্রায় প্রতিটি বছর, মাস, সপ্তাহ ও দিন তিনি আন্দোলন-সংগ্রাম এবং কর্মসূচির মধ্য দিয়ে অতিবাহিত করেছেন। পৃথিবীর ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে সক্রিয় আন্দোলন-সংগ্রামে যুক্ত থাকা ব্যক্তির সংখ্যা খুবই নগণ্য।

বিবৃতিতে নেতৃদ্বয় অভিযোগ করেন, অতীতের ক্ষমতাসীনরা নিজেদের প্রয়োজনে মওলানা ভাসানীকে ব্যবহার করলেও তাঁকে বারবার প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত করেছেন। ভাসানীকে যথাযথ মর্যাদা দিতে ব্যর্থ কাউকেই ইতিহাস ক্ষমা করবে না। বর্তমান সরকারও তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে ব্যর্থ হলে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তারা বলেন, আজীবন সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন মজলুম জননেতা মওলানা ভাসানী। ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলন, পাকিস্তানি শাসকদের শোষণ-নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম, ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা-পরবর্তী গণতান্ত্রিক আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে লড়াই—ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে তাঁর অবদান রয়েছে। প্রবীণ বয়সেও ১৯৭৬ সালের ঐতিহাসিক ফারাক্কা লংমার্চে নেতৃত্ব দিয়ে তিনি নিজের সাহসী রাজনৈতিক অবস্থানের প্রমাণ রেখেছেন।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নেতৃদ্বয় বলেন, মওলানা ভাসানীসহ দেশের জাতীয় নেতাদের স্মরণ করা এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের পরিচয় তুলে ধরা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু রাষ্ট্র বা সরকার কি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছে? গত ৪৯ বছরেও কেন মওলানা ভাসানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়নি? তাঁর প্রতি রাষ্ট্রের এই উদাসীনতা, দৈন্যতা ও অনীহার কারণ কী? তাঁকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার ক্ষেত্রে বাধা কোথায়?

তারা আরও বলেন, ২০২৪ সালের গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকারের উচিত সব বাধা অতিক্রম করে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা এবং ১৭ নভেম্বরকে ‘জাতীয় দিবস’ ঘোষণা করে জাতিকে দায়মুক্ত করা।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সাক্ষ্য দেয়, আমরা খুব সহজেই অতীত ভুলে যাই। আমাদের এই বিস্মরণই আমাদের বড় শত্রু। কে আমাদের রাজনীতিকে গণমানুষের রাজনীতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন? গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেছিলেন কে? সশস্ত্র সংগ্রাম ছাড়া দেশের স্বাধীনতা অর্জন সম্ভব নয়—এই সত্য কে আমাদের শিখিয়েছিলেন? এসব প্রশ্নের উত্তর নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি।

তারা বলেন, সময়ের দাবি হলো, জাতির নবপ্রজন্মের কাছে মওলানা ভাসানীর জীবন, আদর্শ ও রাজনৈতিক অবদান তুলে ধরা। জাতি বিনির্মাণের শক্তি হিসেবে নতুন প্রজন্মকে তাঁর সংগ্রামী ইতিহাসের সঙ্গে পরিচিত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই আগামী ১৭ নভেম্বর থেকে মওলানা ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার উদ্যোগ নেওয়া হোক। একই সঙ্গে তাঁর মৃত্যুবার্ষিকীকে জাতীয়ভাবে স্মরণীয় দিন হিসেবে ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতৃদ্বয়।

E_06

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here