নাব্যতা সংকটে মোংলা বন্দর, চার বছরে জাহাজ আগমন কমেছে ৪২ শতাংশ

0
5

পশুর নদীতে নাব্যতা কমে যাওয়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। বড় জাহাজগুলোকে বন্দরে প্রবেশের আগেই বহির্নোঙরে উল্লেখযোগ্য পরিমাণ পণ্য খালাস করতে হচ্ছে। এতে বাড়ছে সময় ও পরিচালন ব্যয়। পণ্য পরিবহনে সময়সূচি রক্ষার অনিশ্চয়তায় অনেক ব্যবসায়ী চট্টগ্রাম বন্দরকে অগ্রাধিকার দিচ্ছেন। এর প্রভাব পড়েছে মোংলা বন্দরে জাহাজের আগমনে। গত চার বছরে বন্দরে জাহাজ আসার সংখ্যা কমেছে প্রায় ৪২ শতাংশ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে বণিক বার্তার এক প্রতিবেদনে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে বন্দরে ৯৮৭টি জাহাজ এসেছে এবং ছেড়ে গেছে ৯৯৪টি। ২০১৬-১৭ অর্থবছরের পর এটিই জাহাজ আগমনের সর্বনিম্ন রেকর্ড।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২১-২২ অর্থবছরে মোংলা বন্দরে সর্বোচ্চ ১ হাজার ৭১২টি জাহাজ এসেছিল। এরপর থেকে জাহাজের সংখ্যা কমতে থাকে। বিশেষ করে ভারত-বাংলাদেশ প্রটোকল ও অন্যান্য শ্রেণির জাহাজ চলাচলে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। ২০২১-২২ অর্থবছরে এ শ্রেণিতে ৮২৬টি জাহাজ এলেও ২০২৫-২৬ অর্থবছরে এসেছে মাত্র ১৭২টি।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে বন্দরে ২১৩টি জাহাজ এসেছে। এ সময় মাসিক গড় জাহাজ আগমনের সংখ্যা প্রায় ৭১টি, যা আগের অর্থবছরের মাসিক গড় ৮২টির চেয়ে কম।

বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বন্দরের জেটি ও মুরিং বয়ায় ৬ থেকে ৯ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ নোঙরের সুযোগ রয়েছে। সর্বোচ্চ ২২৫ মিটার দীর্ঘ জাহাজ বন্দরে প্রবেশ করতে পারে। তবে চ্যানেলের গভীরতা জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল। সাগরের প্রবেশমুখে পলি জমে অগভীরতা তৈরি হওয়ায় বড় জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। বর্ষা মৌসুমে পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারে ১০ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ চলাচলের সুযোগ পাওয়া যায়।

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, খুলনার চেয়ারম্যান ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম বলেন, বড় জাহাজগুলোকে বহির্নোঙরে প্রায় অর্ধেক পণ্য খালাস করে বাকি মালামাল নিয়ে বন্দরে আসতে হচ্ছে। এতে পরিচালন ব্যয় বেড়ে যাচ্ছে। নাব্যতা অনুকূলে না থাকলে জাহাজমালিকেরা বিকল্প বন্দর বেছে নিচ্ছেন। কেউ মোংলায় আসতে রাজি হলেও বাড়তি ভাড়া দাবি করছেন।

মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জানান, কনটেইনারবাহী ও গ্যাস পরিবহনকারী জাহাজের সংখ্যা কমে যাওয়াও সংকটের অন্যতম কারণ। নির্ধারিত সময়ে পণ্য পরিবহন করতে না পারায় রপ্তানিকারকেরা চট্টগ্রাম বন্দরের দিকে ঝুঁকছেন। সময়মতো পণ্য পৌঁছাতে না পারলে বিদেশি ক্রেতারা তা গ্রহণে অস্বীকৃতি জানাতে পারেন বলেও আশঙ্কা রয়েছে।

এদিকে ব্যবসায়ীরা সড়ক যোগাযোগ ও শুল্কায়ন কার্যক্রমের ধীরগতিকেও মোংলা বন্দরের জন্য প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন। তাঁদের অভিযোগ, কাস্টমসের প্রচলিত ম্যানুয়াল পদ্ধতিতে এক দিনের কাজ শেষ করতে ১১ দিন পর্যন্ত সময় লাগছে। দ্রুত সেবা নিশ্চিত করতে তাঁরা ডিজিটাল ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।

তবে জাহাজের সংখ্যা কমলেও পণ্য ওঠানামার পরিমাণ বেড়েছে বলে দাবি করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সংস্থাটির জনসংযোগ দপ্তরের লিখিত বক্তব্যে জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থবছর থেকে বর্তমান সময়ের মধ্যে সর্বোচ্চ কার্গো হ্যান্ডলিং হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক বাণিজ্য, রাজনৈতিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বন্দর ব্যবহারের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন কারণে জাহাজের সংখ্যা ওঠানামা করে।

E_03

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here