কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের সংস্কারকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ পেয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। এ সময় কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে নিম্নমানের নির্মাণসামগ্রী অপসারণের ব্যবস্থা করেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিভিন্ন পত্রিকায় কলেজটির সংস্কারকাজে অনিয়মের সংবাদ প্রকাশিত হলে ঢাকা থেকে ফিরেই কলেজে ছুটে যান সংসদ সদস্য। সেখানে চলমান সংস্কারকাজ ঘুরে দেখেন এবং কাজের বিভিন্ন অসংগতি পর্যালোচনা করেন।
জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে কলেজটির একাডেমিক ভবন ও পুরোনো অনার্স ভবনের মেরামত ও সংস্কারকাজ চলছে। মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে।
অভিযোগ রয়েছে, কাজের নির্ধারিত শিডিউলে নতুন ইট ব্যবহারের নির্দেশনা থাকলেও সেখানে পুরোনো ইট ও ইটের টুকরা দিয়ে মেঝেতে সলিং করা হয়েছে। এ ছাড়া মেঝে যথাযথভাবে প্রস্তুত না করেই টাইলস বসানোর কাজ শুরু করা হয়।
পরিদর্শনকালে সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, “সরকারি উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা যাবে না। কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। কোনো প্রকার অনিয়ম বরদাশত করা হবে না।”
তিনি সংশ্লিষ্টদের কাজের নির্ধারিত শিডিউল ও গুণগত মান বজায় রেখে সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দেন। একই সঙ্গে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সংস্কারকাজের মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
E_07

