দুর্যোগে মানুষের পাশে বিজিবি, কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

0
10

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

টানা বর্ষণ ও পাহাড়ধসের ঝুঁকিতে বিপর্যস্ত রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্যোগকবলিত এলাকায় আশ্রয় নেওয়া পরিবারগুলোর মাঝে খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাহিনীটি।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া জোনের উদ্যোগে জোনের দায়িত্বপূর্ণ এলাকার কর্ণফুলী সরকারি কলেজ এবং কলেজ সংলগ্ন মিনি স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। পাহাড়ধসের আশঙ্কা ও ক্ষয়ক্ষতির কারণে নিরাপদ আশ্রয়ে থাকা প্রায় ৭০ জন স্থানীয় বাসিন্দার হাতে ত্রাণসামগ্রী তুলে দেন বিজিবি সদস্যরা।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল খেজুর, চিড়া, মুড়ি, ব্রেড, বিস্কুট, বিশুদ্ধ খাবার পানি, চিনি, ওরস্যালাইনসহ বিভিন্ন ধরনের শুকনা খাবার। দুর্যোগের সময় খাদ্য সংকট ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এসব সামগ্রী তাৎক্ষণিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী (সিগন্যালস)। তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে আশ্বাস প্রদান করেন।

এ সময় তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগ, দুর্বিপাক কিংবা যেকোনো মানবিক সংকটে দেশের মানুষের পাশে দাঁড়ানো বর্ডার গার্ড বাংলাদেশের দায়িত্ব ও অঙ্গীকার। দুর্গত মানুষের নিরাপত্তা ও সহায়তায় বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় অনেক পরিবারকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে বিজিবির পক্ষ থেকে খাদ্য ও জরুরি সামগ্রী বিতরণ তাদের জন্য স্বস্তি বয়ে এনেছে।

উল্লেখ্য, পার্বত্য জেলা রাঙ্গামাটিতে কয়েকদিন ধরে অব্যাহত ভারী বর্ষণের কারণে পাহাড়ধস, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের ঝুঁকি বেড়েছে। প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি সংস্থা দুর্গত মানুষের নিরাপত্তা ও সহায়তায় মাঠপর্যায়ে কাজ করছে। এরই অংশ হিসেবে ওয়াগ্গাছড়া জোনের এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here