কুমিল্লার দেবিদ্বারে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত একটি যাত্রীবাহী অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে। এতে দুজন নিহতের পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৫ জন।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার বারেরা সরকার বাড়ি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের জুতার কারখানার ব্যবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) এবং তার ছেলে ইয়ামিন (৬)।
আহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- নিহত রৌশন আরার বাবা মো. তাজুল ইসলাম(৭৩) এবং তাজুল ইসলামের স্ত্রী মিনু আরা বেগম (৬৫), মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের লাল মিয়ার ছেলে অটোরিকশাচালক জিসান (৩৫)। আরও দুজন অজ্ঞাত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নামতি থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ৬ যাত্রী নিয়ে কোম্পানীগঞ্জ যাওয়ার পথে বেলা ৩টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা সরকার বাড়ির সামনে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক পালিয়ে যায়। পরে কংশনগর এলাকা থেকে কাভার্ডভ্যানটি আটক করে পুলিশে দেন স্থানীয়রা। ঘটনায় নিহতের মা-বা গুরুতর আহত হলেও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
দুর্ঘটনা কবলিত অটোরিকশার যাত্রী তাজুল ইসলাম (৭২) জানান, স্ত্রী, কন্যা ও নাতীকে নিয়ে এক আত্মীয়ের বাসা থেকে ময়নামতি থেকে অটোরিকশা থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। ফেরার পথে অটোরিকশাটি দেবিদ্বারের কাছাকাছি এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার মেয়ে মারা যায় ও হাসপাতালে নেওয়ার পর নাতিকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মিরপুর হাইওয়ে থানার ওসি আক্তারুজ্জামান জানান, দুর্ঘটনার কাভার্ডভ্যান ও অটোরিকশাটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


