স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার): বড়লেখায় শুরু হয়েছে হাম-রুবেলা
(এমআর) টিকাদান কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশের
মতো বড়লেখায়ও একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ১০
মে পর্যন্ত। সকালে প্রধান অতিথি হিসেবে ভ্যাকসিন কার্যক্রমের আনুষ্ঠানিক
উদ্বোধন করেন নবাগত ইউএনও মাহবুব আলম মাহবুব।
এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এমআর টিকাদান কর্মসূচি
উপলক্ষ্যে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার। তিনি
জানান, বড়লেখায় মোট ২৪ হাজার ৫৯৬ জন শিশুকে টিকার আওতায় আনার
লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯
মাস বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হচ্ছে। পূর্বে টিকা
গ্রহণ করা থাকলেও নির্ধারিত বয়সসীমার প্রতিটি শিশুকে এই ক্যাম্পেইনের
আওতায় আনা হচ্ছে। দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে এই
বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায়
ধাপে ধাপে কার্যক্রম চালুর পর তা সারাদেশে সম্প্রসারণ করা হয়েছে। ডা.
ফেরদৌস আক্তার হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা অর্জনে সকলের
সহযোগিতা চেয়েছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বড়লেখায় মোট ২৪ হাজার ৫৯৬ জন
শিশুকে টিকা প্রদানে ৩০৫টি অস্থায়ী কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে রয়েছে
২৪৪টি কেন্দ্র কমিউনিটি সেন্টারে, ৪০টি কেন্দ্র বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং ১টি
স্থায়ী ইপিআই কেন্দ্রে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রাখা হয়েছে একটি স্থায়ী
টিকাদান কেন্দ্র।
কমিউনিটি পর্যায়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ৫৭৩ জন এবং
শিক্ষাপ্রতিষ্ঠানে ১ হাজার ২৩ জন শিশু। উপজেলার ১০টি ইউনিয়নের ৩০টি
ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুর্গম (হার্ড টু রিচ) বোবারথল
এলাকায় ৪টি বিশেষ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
পুরো কার্যক্রমে ৩৯ জন টিকাদানকারী, ৬০ জন স্বেচ্ছাসেবক এবং ৩০ জন
সুপারভাইজার দায়িত্ব পালন করছেন। অন্যদিকে বড়লেখা পৌরসভা এলাকায়
মোট ২ হাজার ১৫১ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ
করে কমিউনিটি পর্যায়ে ১ হাজার ৭৬৮ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ৩৮৩
জনকে টিকা প্রদানে পৌরসভায় মোট ২২টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।
হাসপাতালের পরিসংখ্যানবিদ সুমন দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায়
বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম,
প্রাথমিক শিক্ষা অফিসার একেএম জুবায়ের আলম, থানার ওসি (তদন্ত)
মো.ওবায়দুল হক, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম,উপজেলা পরিবার
পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব,
মেডিকেল অফিসার ডা. ব্র্যাকের কর্মকর্তা মনি মোহন হালদার, ডা.আব্দুল্লাহ
আল মারুফ প্রমুখ।


