বড়লেখায় প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টা, ডাকাত নিহত

0
4

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ
ডাকাতির চেষ্টাকালে ডাকাতের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে দলের আরেক
সদস্য নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলার
বড়লেখা উপজেলার দাসের বাজারের লঘাটি গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের
বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে
তার আত্মীয় গিয়াস উদ্দিন পরিবার নিয়ে বসবাস করে আসছেন। একদল
সংঘবদ্ধ ডাকাতদল গভীর রাতে রান্নাঘরের দরজা ভেঙে প্রবেশের চেষ্টা করে।
এসময় দরজা ভাঙার শব্দ পেয়ে পরিবারের সবাই ঘুম থেকে জেগে ওঠেন।
গিয়াস উদ্দিন গ্রীল ধরে রাখেন এবং পরিবারের অন্য সদস্যরা চি‌ৎকার শুরু
করেন। অবস্থা নাগালের বাইরে যাওয়ায় একজন ডাকাত গিয়াস উদ্দিনকে লক্ষ
করে গুলি করেন। এসময় ডাকাতের ছোড়া গুলি দরজা সামনে দাঁড়ানো অপর
এক ডাকাত সদস্যের মাথায় লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গুলিবিদ্ধ ডাকাতদলের ওই সদস্যকে ঘটনাস্থলে রেখেই অন্যরা পালিয়ে যায়। খবর
পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে নিহত ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান জানান, লাশের পরিচয়
শনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে এবং লাশ ময়নাতদন্তের জন্য
মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here