সড়ক পরিবহন খাতে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সড়কে দীর্ঘদিনের নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে শ্রমিক ফেডারেশন সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখবে। সড়ক পরিবহন খাতে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে। ফ্যাসিবাদের আমলে সড়কে যে নৈরাজ্য তৈরি হয়েছে, তা বন্ধ করে মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, নতুন নেতৃত্ব এ ক্ষেত্রে পরিবর্তন আনতে কাজ করবে।
এ সময় জাতীয় সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের নতুন সভাপতি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
E_08

