‎রাঙামাটিতে বিশেষ অভিযানে ১৪ মামলার পলাতক গ্রেপ্তার, ইয়াবা-মোটরসাইকেল উদ্ধার

0
9

‎মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি

‎রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি চোরাই মোটরসাইকেল। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক, চুরি, দাঙ্গা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বিভিন্ন মামলার আসামি রয়েছেন।

‎বৃহস্পতিবার (৩০ জুলাই) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

‎গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে আলোচিত ১৪টি মামলার পলাতক আসামি কাজী আশরাফুল আজম ওরফে দিপু (৪০)। এছাড়া অভিযানে মো. কামরুল হাসান (৪০), মো. শরীফ (২১), আরিফুল্লাহ আসিফ (২৪), আরিফ (২৭), রয়েল বড়ুয়া (৩২), শামসুল আলম (৪০) এবং মো. ফয়সাল মান্নান আরিফ (২৩)-কে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি চোরাই মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

‎কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে মো. ফয়সাল মান্নান আরিফকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

‎রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here