বৃহত্তর রংপুরবাসীকে বঞ্চিত করার অধিকার কারও নেই। যারা বৃহত্তর রংপুরের মানুষকে বঞ্চিত করবে, তারা গণদুশমন হিসেবে বিবেচিত হবে— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (১০ আগস্ট) গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ‘গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না। ২৪-এর বিপ্লব হয়েছে সমাজ থেকে সব ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য। যারা চাঁদাবাজি ও দখলদারির নেশায় আসক্ত হয়ে মানুষ হত্যা করছে, তারা সমাজের আবর্জনা। সমাজ থেকে এসব আবর্জনা পরিষ্কার করতে হবে।’
তিনি আরও বলেন, ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়। মহান আল্লাহ যাদের সম্মান দিয়ে ক্ষমতায় বসান, সময়ের ব্যবধানে তাদের ক্ষমতা থেকে সরিয়েও দিতে পারেন। তাই ক্ষমতাসীনদের জনগণের অধিকার ও মর্যাদার প্রতি সম্মান দেখাতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ বৈষম্য, চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাসমুক্ত একটি সমাজ চায়। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে বক্তারা শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানান। একই সঙ্গে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা নায়েবে আমীর গাইবান্ধার সদর সংসদ সদস্য আব্দুল করিম ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল মানুষ উপস্থিত ছিলেন।

