রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে সংঘর্ষ, অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় ফুটপাত উদ্ধারের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ নম্বরে উচ্ছেদ অভিযান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
এসময় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা পরিকল্পিত। ফ্যাসিজমের দোসরেরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন ডিএনসিসি প্রশাসক।
আমি মিরপুরের সন্তান উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, জন্ম আমার এখানে। কারা কী করে, আমার চেয়ে বেশি কেউ জানে না। তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আমি একজন রাজনৈতিক কর্মী, জনসেবার দায়িত্ব নিয়েছি।
ডিএনসিসির প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরবাসীর সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজও অভিযান পরিচালনা করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রেখেছিল যারা, তারা ও তাদের ইন্ধনে আজ সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিকসহ কিছু পুলিশ সদস্যের ওপর হামলা হয়েছে। পরে স্থানীয় সাধারণ মানুষের প্রতিরোধের মুখে হামলাকারীরা সরে যেতে বাধ্য হন।
এর আগে, আজ সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করে ডিএনসিসি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযান শুরুর একপর্যায়ে ফুটপাতের ব্যবসায়ীরা ডিএনসিসির গাড়িতে হামলা চালান। গাড়ি ভাঙচুর করেন। গাড়িতে আগুন ধরিয়ে দেন। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় পুলিশ সদস্য ও সাংবাদিকেরা আহত হন।

