পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস, দায়ী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

0
4

এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের অনেকেই খাতা পুনঃনিরীক্ষণের পর পাস করেছেন। যোগ্য শিক্ষার্থীদের খাতা মূল্যায়নে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, খাতা পুনঃনিরীক্ষণের মাধ্যমে পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়ার দুর্বলতাগুলো চিহ্নিত করা হচ্ছে। খাতা দেখায় শিক্ষকদের অবহেলার কারণেই অনেক শিক্ষার্থীর ফলাফলে এ ধরনের পরিবর্তন হয়েছে বলে মনে করা হচ্ছে।

তিনি বলেন, ‘যেসব শিক্ষার্থী পাস করার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও ফেল করেছে, তাদের খাতা যারা মূল্যায়ন করেছেন, তাদের চিহ্নিত করা হয়েছে। এসব শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

মন্ত্রী জানান, খাতা পুনঃনিরীক্ষণের পর ২৭ হাজার ৮৩৬ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এ প্রক্রিয়ায় মোট ৫৬ হাজার ২৫৯টি নম্বরে পরিবর্তন এসেছে।

খাতা মূল্যায়নে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়াসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

শিক্ষকদের বদলি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এনটিআরসিএতেও অনলাইনে বদলির ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে যেসব শিক্ষককে রিপ্লেসমেন্ট করতে হবে এবং যারা অ্যাটাচমেন্টে রয়েছেন, সেসব বিষয়ও নিষ্পত্তি করতে হবে।

তিনি বলেন, বদলির ফাইল নিয়ে এনটিআরসিএ কাজ করছে। শিগগিরই এ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।

সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে ১২ জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হতো। এবার প্রথমবারের মতো এ সংখ্যা বাড়িয়ে ১০০ জন করা হচ্ছে।

তিনি জানান, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষককে এ সম্মাননার আওতায় আনা হবে। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়ার কথা রয়েছে।

E_08

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here