শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর)। এ কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজে যুক্তিতর্কের কার্যক্রম সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
এ মামলায় একমাত্র আসামি জিয়াউল আহসান। নিরাপত্তাজনিত কারণে তিনি সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দিচ্ছেন। গত ২২ নভেম্বর তাঁর পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এ সময় তিনি মামলাসংক্রান্ত বিভিন্ন নথিপত্র ও ভিডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করেন।
সাফাই সাক্ষ্য শেষে সাক্ষীকে জেরা করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। পরে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশন সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।
তৃতীয় অভিযোগে একই সময়ে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে বরগুনার বলেশ্বর নদী এবং বাগেরহাটের শরণখোলা এলাকার সুন্দরবনের বিভিন্ন স্থানে মাসুদসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
এসব অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
উল্লেখ্য, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ২০২৪ সালের আগস্টের মাঝামাঝি সময়ে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।
E_06

