কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু হচ্ছে, যা জানা গেল

0
7

উত্তরা-মতিঝিল মেট্রোরেল পথ কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা আগেই চূড়ান্ত হয়েছিল। তবে মতিঝিল-কমলাপুর অংশের নির্মাণকাজে ধীরগতির কারণে উদ্বোধনের সময়সূচি একাধিকবার পিছিয়েছে। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুলাই থেকে এই অংশে নিয়মিত যাত্রী পরিবহন চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্য অনুযায়ী, বর্তমানে এমআরটি লাইন-৬-এর চালু অংশের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। এর সঙ্গে নতুন ১ দশমিক ১৬ কিলোমিটার পথ যুক্ত হলে পুরো রুটের দৈর্ঘ্য দাঁড়াবে ২১ দশমিক ২৬ কিলোমিটারে। তখন মোট স্টেশন হবে ১৭টি।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, সম্প্রসারিত অংশের পূর্তকাজের অগ্রগতি ৮৪ দশমিক ৮৫ শতাংশ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজের অগ্রগতি ৫৮ শতাংশ। চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই মূল অবকাঠামো নির্মাণ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

ভায়াডাক্ট বা উড়ালপথের কাজ শেষে রেল ট্র্যাক স্থাপনের জন্য তা ঠিকাদারকে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি কমলাপুর স্টেশনের মূল অবকাঠামোও নির্মিত হয়েছে। বর্তমানে স্টেশনের অভ্যন্তরীণ ফিনিশিং, বৈদ্যুতিক ও যান্ত্রিক যন্ত্রপাতি স্থাপন এবং যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার পথ নির্মাণের কাজ চলছে। স্থাপত্য ও সংশ্লিষ্ট কাজগুলো ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।

তবে অবকাঠামো নির্মাণ শেষ হলেই যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে না। এর আগে রেলপথ, বিদ্যুৎ সরবরাহ, সংকেত ব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায় ব্যবস্থা, প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা, টেলিযোগাযোগ, লিফট ও এসকেলেটর সচল করতে হবে।

এরপর সমন্বিত পরীক্ষা ও পরীক্ষামূলক ট্রেন চালানোর মাধ্যমে সার্বিক নিরাপত্তা যাচাই করা হবে। এসব কারিগরি ও নিরাপত্তামূলক কার্যক্রমের অগ্রগতির ওপরই মেট্রোরেল চালুর চূড়ান্ত সময় নির্ভর করছে।

এর আগেও সম্প্রসারিত অংশ চালুর সম্ভাব্য সময়সূচি পরিবর্তন হয়েছে। প্রথমে ২০২৭ সালের ১ জানুয়ারি চালুর পরিকল্পনা করা হয়েছিল। পরে সময়সূচি এপ্রিল-মে মাসে নির্ধারণ করা হয়। এমনকি পরীক্ষামূলক ট্রেন চলাচলের সম্ভাব্য সময় হিসেবে এপ্রিলের কথাও জানানো হয়েছিল। সর্বশেষ পরিকল্পনায় তা পিছিয়ে ২০২৭ সালের জুলাইয়ে নেওয়া হয়েছে।

E_02

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here