মা প্যারালাইজড, বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, এর মধ্যে খুন হলো ১৩ বছরের শিশুটি

0
7

মা স্ট্রোকের কারণে পক্ষাঘাতগ্রস্ত, অসুস্থ বাবা হাসপাতালে ভর্তি। এর মধ্যেই নিখোঁজ হয় পরিবারের ১৩ বছর বয়সী বাক্‌প্রতিবন্ধী সন্তান। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি পোস্টার ছাপিয়ে এলাকার দেয়ালে দেয়ালে লাগিয়েছিলেন। কিন্তু তিন দিন পর রাজধানীর ডেমরার একটি ঝোপ থেকে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডেমরার নড়াইবাগ এলাকার বোতল মার্কেটসংলগ্ন বালুর মাঠের পেছনের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আরিফ হোসেন (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, যৌন নির্যাতনের সময় শিশুটি চিৎকার করায় তাকে শ্বাসরোধে হত্যা করেন আরিফ। পরে মরদেহটি ঝোপের মধ্যে ফেলে রাখা হয়।

এ ঘটনায় নিহত শিশুটির বড় ভাই বাদী হয়ে ডেমরা থানায় হত্যা মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি। পরদিন ৮ নভেম্বর ডেমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা। নিখোঁজ হওয়ার পর থেকেই আরিফকে সন্দেহ করছিলেন পরিবারের সদস্যরা।

মামলার এজাহারে বলা হয়েছে, এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, আরিফ শিশুটিকে বোতল কারখানার পেছনের একটি ঝোপের দিকে নিয়ে যাচ্ছেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অসংলগ্ন ও মিথ্যা তথ্য দেন বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল চারটার দিকে বালুর মাঠে কয়েকটি শিশু খেলছিল। এ সময় তাদের ফুটবল ঝোপের ভেতরে চলে যায়। বল আনতে গিয়ে তারা শিশুটির মরদেহ দেখতে পায়। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন সেখানে ছুটে যান এবং পুলিশকে খবর দেন।

ওসি তাইফুর রহমান জানান, শিশুটির নিখোঁজ হওয়ার ঘটনায় করা জিডির তদন্ত চলার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আরিফকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি বলেন, যৌন নির্যাতনের সময় শিশুটি চিৎকার করলে আরিফ তার মুখ চেপে ধরেন এবং একপর্যায়ে শ্বাসরোধে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা আরিফকে আদালতে হাজির করে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তার জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here