সালমান শাহ হত্যা মামলা: অভিনেতা ডনের রিমান্ড শুনানি আজ

0
8

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের সাত দিনের রিমান্ডের আবেদনের ওপর শুনানি আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. মজিবুর রহমান গত ২৪ আগস্ট ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। আবেদনের ওপর শুনানির জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আজকের দিন ধার্য করেন। শুনানির সময় আসামিকে আদালতে উপস্থিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

রিমান্ড আবেদনে সিআইডি তিনটি কারণ উল্লেখ করেছে। তদন্ত সংস্থার দাবি, ডনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

এছাড়া ডনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার ঘটনায় জড়িত অন্য সহযোগীদের অবস্থান শনাক্ত এবং তাদের গ্রেফতার করা সম্ভব হতে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কীভাবে, কেন এবং কার ইন্ধনে বিদেশে পালানোর চেষ্টা করেছিলেন, সে বিষয়েও তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানিয়েছে সিআইডি।

এর আগে গত ৯ আগস্ট ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। একই দিন তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

তখন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ডনের জামিন আবেদনও আদালত নামঞ্জুর করেন।

এখন সাত দিনের রিমান্ডের আবেদনের ওপর আজকের শুনানিতে আদালত কী সিদ্ধান্ত দেন, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

E_02

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here