নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক সাদ্দাম হোসেন এ আদেশ দেন।
মামলার দ্বিতীয় তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, আদালতের মঞ্জুর করা তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে মিন্টুকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ২৬ অক্টোবর রাতে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। পরদিন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৪ অক্টোবর বুধবার রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার পথে শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে মোটরসাইকেলে থাকা দুই যুবক। গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করলে মোটরসাইকেল নিয়ে তাকে ধাওয়া করা হয়।
একপর্যায়ে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে শাকিলকে ধরে চাপাতি ও চায়নিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় শাকিলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে সংকটাপন্ন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
E_01

