ক্যাচ মিসে হাতছাড়া ম্যাচ, শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের হার

0
3

নারী এশিয়া কাপে শ্রীলঙ্কা নারী দলের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। রোববার (৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে মাত্র ১১৪ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। তবে স্বল্প পুঁজি নিয়েও বল হাতে দারুণ লড়াইয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল বাংলাদেশের বোলাররা।

শুরু থেকেই শ্রীলঙ্কার ব্যাটিংয়ে চাপ তৈরি করেন বাংলাদেশের বোলাররা। একপর্যায়ে মাত্র ৪৪ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে শ্রীলঙ্কা। তখন জয়ের সম্ভাবনাও জোরালো হয়ে উঠেছিল বাংলাদেশের। কিন্তু শেষদিকে গুরুত্বপূর্ণ একটি ক্যাচ মিসের পর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে হাতছাড়া হয়ে যায়।

ম্যাচ শেষে বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি আক্ষেপ করে বলেন, ১৮তম ওভার পর্যন্ত ম্যাচটি বাংলাদেশের নিয়ন্ত্রণেই ছিল। ওই ওভারে ডিপ মিড উইকেটে একটি ক্যাচ মিস হওয়াকে ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন তিনি।সোবহানা বলেন, “১৮তম ওভার পর্যন্ত ম্যাচটা আমাদের হাতেই ছিল। ওই ওভারে ডিপ মিড উইকেটে একটা ক্যাচ মিস করেছি। ক্যাচটা নিতে পারলে হয়তো ম্যাচটাও আমরা জিততে পারতাম।”

তবে শুধু ফিল্ডিং নয়, ব্যাটিংয়েও ঘাটতি ছিল বলে মনে করেন সোবহানা। ১১৪ রানকে জয়ের জন্য যথেষ্ট মনে হয়নি তার। মাঝের ওভারগুলোতে রান তোলার গতি কমে যাওয়া এবং শেষদিকে পর্যাপ্ত রান তুলতে না পারায় হতাশা প্রকাশ করেন তিনি।বাংলাদেশের এই ব্যাটার বলেন, “আমাদের লক্ষ্য ছিল ১৪০-এর বেশি রান করা। মাঝের ওভারগুলোতে আমরা একটু ধীর হয়ে গিয়েছিলাম। শেষ তিন-চার ওভারও ঠিকভাবে কাজে লাগাতে পারিনি।”

শ্রীলঙ্কার বিপক্ষে হারের পরও বাংলাদেশের সামনে রয়েছে ঘুরে দাঁড়ানোর সুযোগ। ৮ সেপ্টেম্বরের ম্যাচটি টাইগ্রেসদের জন্য গুরুত্বপূর্ণ। ওই ম্যাচে জয় পেলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে।তাই এখন শেষ ম্যাচেই পুরো মনোযোগ দিতে চান সোবহানা। তার ভাষায়, “এখন আমাদের পুরো মনোযোগ শেষ ম্যাচে। এই ম্যাচটা জিততে হবে, তাহলেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হবে।”

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে লড়াইয়ের মানসিকতা দেখালেও শেষ মুহূর্তের ভুল এবং ব্যাটিংয়ে পর্যাপ্ত রান না পাওয়াই শেষ পর্যন্ত বাংলাদেশের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। এখন ৮ সেপ্টেম্বরের ম্যাচেই নির্ধারিত হবে সেমিফাইনালে যাওয়ার পথ কতটা সহজ করতে পারে বাংলাদেশ।

E_06

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here