ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লিগামী একটি উড়োজাহাজ দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে সিজেপির আরও দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে সিজেপির একটি বিক্ষোভে অংশ নিতে মুম্বাই থেকে দিল্লিতে যান অভিজিৎ দীপক। শনিবার সকাল ১০টা ১৯ মিনিটে তাঁদের বহনকারী উড়োজাহাজটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটি অবতরণের পরপরই পুলিশ সেখানে পৌঁছে তাঁদের আটক করে।
পুলিশ উড়োজাহাজের ভেতরে প্রবেশ করলে ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচারে (লাইভ) যান অভিজিৎ দীপক। তাঁর প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের ভেতর থেকেই তাঁকে এবং সিজেপির অন্য দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করছেন পুলিশ সদস্যরা।
ভিডিওতে উড়োজাহাজের ভেতরে উত্তপ্ত পরিস্থিতি ও পুলিশের সঙ্গে সিজেপি সদস্যদের বাগ্বিতণ্ডার দৃশ্য দেখা যায়। এ সময় পুলিশি পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন দলের সদস্যরা।
ভিডিওতে অভিজিৎ দীপককে নারী পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা আমাদের স্বাভাবিকভাবে বেরিয়ে আসা পর্যন্ত অন্তত অপেক্ষা করতে পারতেন। আসুন, গ্রেপ্তার করুন। আমরা এসব ভয় পাই না।’
এদিকে দিল্লিতে সিজেপির বিক্ষোভে অংশ নিতে যাওয়ার ঘোষণা দেওয়ার পর জনপ্রিয় ইউটিউবার ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠিকেও আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পুলিশের নির্দেশ না মানার অভিযোগে শনিবার সকালে গুরুগ্রাম ও দিল্লি পুলিশের যৌথ দল তাঁর বাসভবন থেকে তাঁকে আটক করে।
তবে অভিজিৎ দীপক ও ধ্রুব রাঠিকে আটকের কারণ এবং তাঁদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে সংবাদটি আরও পূর্ণাঙ্গ করা যাবে।
E_07

