জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই লাঠিপেটা করে গণধোলাই দেওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘ডার্বি নাসীর’ নামে পরিচিত নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তিনি দাবি করেছেন, এনসিপির তিন দাবি মেনে নেওয়া হলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরিত হবে না। বিএনপি নেতার দাবি, এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।
তিনি আরও বলেন, শুধু নাসীরুদ্দীন পাটওয়ারী নন, এনসিপির অন্য নেতাদের বক্তব্যও রাজনৈতিক পরিবেশকে নষ্ট করছে। তাদের প্রতিহত করা না হলে দিন দিন তাদের ‘আস্ফালন’ বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
এমদাদ হোসেন চৌধুরী বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির কয়েকজন নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। এসব বক্তব্যের কারণে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে বলেও তিনি দাবি করেন।
এনসিপি নেতাদের সতর্ক করে বিএনপির এই নেতা বলেন, ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় তাদেরই বহন করতে হবে।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মিছিল শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপির তিন দাবি মেনে নেওয়া হলে ঢাকায় আর ককটেল বিস্ফোরণ হবে না। তার ওই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া ও উত্তেজনা তৈরি হয়।
E_16

