শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
এ বছর দেশে পেঁয়াজ আমদানি করতে হয়নি। ভবিষ্যতেও এক কেজি পেঁয়াজ আমদানি করতে হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে গাজীপুরের ভবানীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক গবেষণা কেন্দ্রে দেশের প্রথম বৃহৎ পরিসরের গামা ইরেডিয়েশন সেন্টার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে পেঁয়াজ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিপণ্যের উৎপাদন ও সংরক্ষণে প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটিয়ে রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার। গামা ইরেডিয়েশন প্রযুক্তির মাধ্যমে পেঁয়াজ, আলু, ফলমূলসহ বিভিন্ন কৃষিপণ্যের পচন রোধ, ক্ষতিকর জীবাণু ধ্বংস ও সংরক্ষণকাল বাড়ানো সম্ভব হবে। তিনি আরও বলেন, আম, কাঁঠাল ও আনারসের মতো দেশীয় ফলের আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রপ্তানির সুযোগ বাড়বে এবং কৃষক তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন। কৃষকের বাজার নিশ্চিত করতে পর্যায়ক্রমে দেশের সব জেলায় এ ধরনের কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। অনুষ্ঠানে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান, বাংলাদেশে এফএওর প্রতিনিধি ড. জিয়াকুন শিসহ দেশি-বিদেশি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিনার অধীনে নির্মিত পাঁচ লাখ কিউরি ক্ষমতাসম্পন্ন কেন্দ্রটি কৃষিপণ্যের অপচয় কমানো, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং রপ্তানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি, ভবিষ্যতেও হবে না: কৃষিমন্ত্রী
Date:


