ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার হুমকির মুখে নিরাপত্তা সতর্কতা জারির পরও সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ১ ও ২ নম্বর টার্মিনাল পুনরায় চালুর ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রোববার (২৫ অক্টোবর) থেকে টার্মিনাল দুটি আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ১ নম্বর টার্মিনাল দিয়ে অভ্যন্তরীণ এবং ২ নম্বর টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে।
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে টিকিটের বুকিং ও ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে ইয়েমেনের হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তারা সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দাম্মামের কিং ফাহদ বিমানবন্দর, নাজরান বিমানবন্দর, খামিস মুশাইত বিমানঘাঁটি এবং আরামকোর বিভিন্ন তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছেন।
হুতিরা কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে ‘সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে উল্লেখ করে বিমান সংস্থা ও যাত্রীদের ওই বিমানবন্দর ব্যবহার না করার হুঁশিয়ারিও দিয়েছে।
এদিকে, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবগামী বেশ কয়েকটি ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে ভারতের এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এতে ওই অঞ্চলে আকাশপথে যাত্রী চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট চলাচলে পরিবর্তন আসতে পারে বলে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
E_02

