সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত ১০ সেপ্টেম্বর দেওয়া এই রায়ের পর ড. ইউনূসের বিরুদ্ধে চলমান অন্যান্য মামলা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) খোঁজ নিয়ে জানা গেছে, ড. ইউনূসের বিরুদ্ধে করসংক্রান্ত আরও ৩১টি মামলা বর্তমানে হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারাধীন। এসব মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর দাবি রয়েছে কয়েকশ কোটি টাকা।
এ ছাড়া শ্রম আইনসংক্রান্ত আরও ১৯টি মামলা শ্রম আদালত ও শ্রম আপিলেট ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া এসব মামলার মধ্যে কিছু মামলা বর্তমানে বিএনপি সরকারের আমলে উচ্চ আদালতে নিষ্পত্তি হচ্ছে। এ কারণে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনাঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
তবে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন দাবি করেছেন, এসব মামলায় ড. ইউনূস ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছেন।
এদিকে গ্রামীণ কল্যাণের করসংক্রান্ত মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাটর্নি জেনারেল কার্যালয়। রাষ্ট্রপক্ষের বক্তব্য, উচ্চ আদালতের রায়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
ড. ইউনূসের বিরুদ্ধে বিচারাধীন এসব মামলা শেষ পর্যন্ত কীভাবে নিষ্পত্তি হয়, তা নিয়ে আইনজীবী মহলসহ সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
E_17

