দীর্ঘ ২৩ বছরের কর্মজীবনের ইতি টেনে মাইক্রোসফটের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন কেশবন শানমুগম। বয়স্ক বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রের কর্মজীবন ছেড়ে ভারতে ফিরছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন কেশবন। প্রতিষ্ঠানটির ‘এক্সেল কো-পাইলট’ ও ‘এজেন্টিক এআই’ প্রযুক্তি চালুর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
বর্তমানে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। এমন সময়ে মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ পদ থেকে তাঁর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত অনেকের কাছেই অপ্রত্যাশিত।
তবে পেশাগত সাফল্যের চেয়ে পরিবারকে বেশি গুরুত্ব দিয়েছেন কেশবন। দীর্ঘদিনের কর্মজীবনে অর্জিত সাফল্যের পর জীবনের এই পর্যায়ে বাবা-মা, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোকে প্রাধান্য দিচ্ছেন তিনি।
কেশবন জানান, ‘এক্সেল কো-পাইলট’-এর মতো উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করা এবং অসাধারণ সহকর্মীদের ছেড়ে আসা সহজ ছিল না। তবু পরিবারের পাশে থাকা এবং প্রিয়জনদের সময় দেওয়াকেই জীবনের সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন তিনি।
তাঁর এই সিদ্ধান্ত পেশাগত সাফল্যের পাশাপাশি পরিবার ও ব্যক্তিগত জীবনের গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
E_03

